কক্সবাজারে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে দুই মাস বয়সী এক শিশুসন্তানকে হত্যার অভিযোগে তার মা রোমানা আক্তারকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল সাতটার দিকে রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে রামুর রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা। শিশুটির পিতা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাসে থাকেন।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার দিন সকালে শিশুটিকে নিয়ে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন মা রোমানা আক্তার। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং একইসঙ্গে মা রোমানাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী রোমানা আক্তার মানসিকভাবে অসুস্থ এবং আগে তার চিকিৎসাও করানো হয়েছিল। তবে বিষয়টি তদন্ত ও চিকিৎসকের পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

ওসি আরও জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যাতে মা রোমানা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।