পর্যটনের হোটেলগুলোয় ৩৬% ছাড় পাবেন জুলাই যোদ্ধারা

জুলাই ছাত্র আন্দোলনকে স্মরণীয় করে রাখতে পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ৩৬% ডিসকাউন্ট পাবেন জুলাই যোদ্ধারা। একইসঙ্গে তাদের কর্মসংস্থানের সুব্যবস্থা  এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে ৫০% মূল্যছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (১১ আগস্ট) আগারগাঁওয়ের পর্যটন ভবনের আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। 

জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়ের সাহসী অংশীদার জুলাই যোদ্ধারা। তাদের আত্মত্যাগকে কেবল আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না; তাদের স্বপ্ন, প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদ পরিবারের প্রতি সম্মান এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।”
 
মন্ত্রী বলেন, “যে মা সন্তান হারিয়েছেন, যে বাবা তার কাঁধে সন্তানের লাশ নিয়েছেন তারাই জানেন সন্তান হারানোর কষ্ট। আপনাদের অবদানের কারণেই আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। দেশকে ফ্যাসিস্টের দুঃশাসন থেকে রক্ষা করেছেন আমাদের জুলাই যোদ্ধারা।”

তিনি আরও বলেন,“বাংলাদেশের পর্যটন খাত দেশের অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জুলাইয়ের চেতনা ধারণ করে পর্যটন খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক, জনবান্ধব, নিরাপদ, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।”