বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাকায় পিস্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত মরদেহগুলো থেঁতলে যাওয়ায় তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
সোমবার গভীর রাতে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় লিচুতলা-মাটিডালি দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, সোমবার রাত আড়াইটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় লিচুতলা-মাটিডালি দ্বিতীয় বাইপাস মহাসড়কে একটি মোটরসাইকেলকে অজ্ঞাত যানবাহন ধাক্কা দেয় ও পিস্ট করে পালিয়ে যায়।
এতে দু’জন আরোহী মোটরসাইকেল থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়ে। তাদের মাথা ও মুখমন্ডল থেতলে যায়। মুখমন্ডল চেনা যাচ্ছেনা।
বগুড়ার শাজাহানপুর থানার এসআই আবদুস সালাম জানান, খবর পেয়ে সোমবার রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করেন। পরে বগুড়া শহীদ
জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাদের নাম ও পরিচয় জানা যায়নি।