পাবনার ফরিদপুর উপজেলার আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে অস্ত্রোপচারের পর ১২ জন রোগীর শরীরে যক্ষ্মা সংক্রমণ ধরা পড়েছে। ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোগীদের ক্ষতস্থানে জটিলতা দেখা দিলে পরীক্ষায় এই রোগ শনাক্ত হয়। ঘটনার পর সোমবার ইউএনও উম্মে ইমামা বানিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন হাসপাতালটি পরিদর্শন করে এর অপারেশন থিয়েটার বন্ধ করে দেন এবং তদন্ত কমিটি গঠন করেন।
ফরিদপুর উপজেলার বনওয়ারিনগরের বাসিন্দা ভ্যানচালক মোহন আলী জানান, গত ৩১ মে বনওয়ারীনগর বাজার-সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ওই হাসপাতালে সিজারের মাধ্যমে তার পুত্রবধূ আয়েশা একটি পুত্রসন্তান জন্ম দেন। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও অস্ত্রোপচারের ক্ষতস্থান না শুকানোয় পরীক্ষায় তার যক্ষ্মা ধরা পড়ে। আয়েশার স্বামী গোলাম রাব্বি জানান, স্ত্রীর চিকিৎসা খরচ চালাতে তারা এখন হিমশিম খাচ্ছেন। বর্তমানে আয়েশা গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, আয়েশার মতো আরও ১০ জন নারী সিজারিয়ান অস্ত্রোপচারের পর একই সংক্রমণের শিকার হয়েছেন। এ ছাড়া পিত্তথলির পাথর অপসারণের অস্ত্রোপচারের পর আরও একজনের শরীরে যক্ষ্মা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হাসান জানান, প্রায় এক মাস আগে সিজার করানো কয়েকজন রোগীর ক্ষত না শুকানোর বিষয়টি নজরে এলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তী পরীক্ষায় তাদের যক্ষ্মা ধরা পড়ে। এ ছাড়া কয়েকজন রোগী ভিন্ন স্থানে পরীক্ষা করালে তাদেরও একই রোগ শনাক্ত হয়। মোট ১২ জন আক্রান্ত রোগীর তালিকা পাবনা সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা বলেন, “ঠিক কোন রোগীর মাধ্যমে জীবাণু ছড়িয়েছে তা নিশ্চিত না হলেও প্রায় চার মাস আগে হাসপাতালে হার্নিয়ার অস্ত্রোপচার করা ৭৫ বছর বয়সী এক রোগীর অস্ত্রোপচার-পরবর্তী সংক্রমণের পরীক্ষায় যক্ষ্মা ধরা পড়েছিল। ধারণা করা হচ্ছে, সেই রোগী থেকেই জীবাণু ছড়িয়ে থাকতে পারে।”
নিজেদের ভুল স্বীকার করে তিনি জানান, বিষয়টি জানার পর থেকে হাসপাতালের সব অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে এবং যন্ত্রপাতিসহ সবকিছু জীবাণুমুক্ত করার পাশাপাশি আক্রান্ত রোগীদের হাসপাতালের নিজস্ব খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আশিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।