গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।
চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ। এর আগে ১৬ আগস্ট ৮০৫ জন এবং ১১ আগস্ট ৭৫৬ জন রোগী ভর্তি হয়েছিলেন।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৯৭ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১২৬ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ২১৫ জন, ময়মনসিংহে ৭১ জন, রাজশাহীতে ৭৬, রংপুর ২৩ এবং সিলেট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মশাবাহিত এ রোগে চলতি বছর ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চলতি আগস্ট মাসেই মারা গেছেন ৩১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৭৫৮ জন।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।



