দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পাশাপাশি কোতোয়ালি থানার প্রধান গেটে বাস দিয়ে ব্যারিকেড তৈরি করে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন তারা। এতে জেলাটির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে কোতয়ালী থানার গেটের সামনে সংর্ঘষ হয়। সংর্ঘষে কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বাস আড়াআড়ি করে রেখে তাদের নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে করে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাছল বন্ধ রয়েছে। বাস বন্ধের ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে।
এর আগে, বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শ্রমিকদের দাবি, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ রয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনে অংশ না দিতেই তাকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন জানান, বাদশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি সেসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, আটক শেখ বাদশা আদালতে সোপর্দ করা হবে।