ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের ঘটনায় ট্রেনে কর্তব্যরত সান্তাহার রেলওয়ে থানার চার কনস্টেবলকে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া রেলের ঈশ্বরদী সার্কেলের এডিশনাল পুলিশ সুপারকে (এএসপি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মেহেদী হাসান এ নির্দেশ দিয়েছেন। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার হওয়া সান্তাহার রেলওয়ে থানার কনস্টেবলরা হলেন: খোকন ইসলাম, ফজলে রাব্বী, গোলাম মোস্তফা ও আশিকুল রহমান।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের এক নারী যাত্রী গত ৩০ আগস্ট সকালে ভুলক্রমে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসে উঠেন। রাত দেড়টার দিকে ট্রেনটি নাটোরে পৌঁছালে চলন্ত ট্রেনের ক্যান্টিনে তাকে ধর্ষণের অভিযোগ উঠে। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা এসে তাকে উদ্ধার করেন।
এ সময় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক ও দুই অজ্ঞাত পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন নারী যাত্রী। ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছলে ভিকটিম ও আসামিকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়।
এদিকে, সোমবার রাতে ভুক্তভোগী ওই নারী সান্তাহার রেলওয়ে থানায় আবু বক্কর সিদ্দিক ও ট্রেনে দায়িত্ব পালনকারী দুই অজ্ঞাত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেন।
সান্তাহার রেলওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রেপ্তার আসামি ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিল্পী দাসের আদালতে হাজির করেন। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়। এছাড়া ডাক্তারি পরীক্ষার পর ভিকটিমকে তার ছেলের জিম্মায় দেওয়া হয়।
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান, বুধবার সকালে পাকশী রেলওয়ে জেলা পুলিশের এসপি মেহেদী হাসান এক নির্দেশে ওইদিন কুড়িগ্রাম এক্সপ্রেসে কর্তব্যরত চার কনস্টেবলকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করেন। এছাড়া ঘটনাটি তদন্ত করতে রেলের ঈশ্বরদী সার্কেলের এএসপিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।