পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্ত এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সাতমেরা ইউনিয়নের টিটিহিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন - কক্সবাজারের উখিয়ার ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মো. এনায়েতুল্লাহ (২৩) ও তার স্ত্রী জাইনুব বিবি (২১) এবং ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী নুর কলিমা (২০)।
বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ৬টার দিকে মাগুরমারী সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল সাতমেরা ইউনিয়নের টিটিহিপাড়া এলাকায় ৭৪২ নম্বর মেইন পিলারের চার নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের আটক করে। তারা সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের ভেতরে ছিলেন।
বিজিবির মাগুরমারী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার একাব্বর রহমান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ছয়-সাতজনের একটি মানব পাচারকারী চক্র ৬০,০০০ টাকার বিনিময়ে তাদের ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় নিয়ে আসে।”
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের রেখে পালিয়ে যায়। এ সময় তারা আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও নিয়ে যায় বলে জানান তিনি।
এ ঘটনায় বিজিবির মাগুরমারী বিওপির হাবিলদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ছয়-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে পঞ্চগড় সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, বিজিবি চার রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।