নাটোরে দুর্বৃত্তদের কোপে প্রাণ গেল আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আনারুল ইসলামকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নাটোর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মইনুল হক জানান, প্রাথমিকভাবে যারা তাকে হাসপাতালে নিয়ে আসেন তারা সড়ক দুর্ঘটনার কথা বলেছিলেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, মাথাতেও রয়েছে আঘাতের চিহ্ন। ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।