বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তার দুই সন্তানকে দেখা করার অনুমতি দিয়েছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় বর্তমানে তিনি গ্রেপ্তার রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেন। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
অসুস্থ মায়ের সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন দাখিল করেন ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ। শুনানিতে তিনি আদালতকে জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর গত ৩০ আগস্ট থেকে বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন ফারজানা রুপা। তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তার এক ছেলে ও এক মেয়ে। আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল হাসপাতালে গিয়ে সন্তানদের সাক্ষাতের অনুমতি প্রদান করেন।
আজ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির নির্ধারিত দিন ছিল। উক্ত মামলায় মোট ৪১ জন আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন ১১ জন। তবে চিকিৎসাধীন থাকায় ফারজানা রুপা ব্যতীত অপর ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে শারীরিক অসুস্থতা দেখা দিলে ফারজানা রুপাকে বিএমইউতে এনে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা চলছে।