ট্রাকের ধাক্কায় নারী পোশাকশ্রমিক নিহত, তিন ঘণ্টার যানজটে অচল মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চলন্ত ট্রাকের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন শ্রমিক। এর প্রতিবাদে সহকর্মীরা সড়ক অবরোধ করলে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিন টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা কর্মস্থল থেকে ছুটি শেষে মহাসড়কের ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামগামী লেন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তিনজন শ্রমিককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী শ্রমিক, গুরুতর আহত হন আরও দুজন। পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান এবং ঘাতক ট্রাকটি আটক করেন।

দুর্ঘটনার প্রতিবাদে রাত ১০টা থেকে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ শুরু করেন, যার ফলে চিটাগাংরোড থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে দেখা দেয় যানজট। দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারী সাধারণ মানুষ।

যানজটে আটকা পড়া এক যুবক বলেন, “যানজট চিটাগাংরোড থেকে মদনপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর অটোরিকশায় উল্টোপথে যেতে বাধ্য হই।“

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার ঘটনায় এই যানজট সৃষ্টি হয়েছে এবং পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, “সড়ক দুর্ঘটনার কারণেই যানজট সৃষ্টি হয়েছে এবং তা নিরসনের চেষ্টা চলছে।“

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, শ্রমিকদের ইতোমধ্যে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ট্রাকচালককে আটক করা হয়েছে। ঘটনার পরবর্তী আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।