৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত হয়ে হাসপাতালে দুই পক্ষের ১৩ জন

নাটোরের বাগাতিপাড়ায় মাত্র ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে শুরু হওয়া তর্ক-বিতর্ক গড়ায় দুই পক্ষের সংঘর্ষে। এতে আহত হয়েছেন ১৩ জন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর বাজারে ঘটনার সূত্রপাত হয়। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয় যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জয়ন্তীপুর এলাকার মোস্তফা মশিউর হাসপাতালে ভর্তি রয়েছেন। মুদি খুচরা সার ব্যবসায়ী মোস্তফাসহ বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চায়ের দোকানদার শামিম হোসেন মুদি দোকানদার মোস্তফার মধ্যে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে বিষয়টি দুই পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহতরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও দুই পক্ষের মধ্যে ফের বাকবিতণ্ডা সংঘর্ষ বাধে। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন এবং রাত সাড়ে ৮টার দিকে তারা উত্তেজিত হয়ে ফের মারামারিতে জড়িয়ে পড়লে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, যাতে বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।“

তিনি জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।