বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে কুড়িগ্রামগামী-ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার স্টেশন এলাকায় প্রবেশের সময় ট্রেনটির পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগি কারিগরি ত্রুটির কারণে লাইনচ্যুত হয়। তবে স্বস্তির খবর হলো, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বগি লাইনচ্যুত হওয়ার পরপরই যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে ওই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনগুলোকেও বিভিন্ন স্থানে সাময়িকভাবে আটকে রাখা হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম বলেন, “কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত কাজ শেষ হলে যেকোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।”
দ্রুত লাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।