বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিস-সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করার সময় তিনি দুটি প্লাস্টিকের বক্স দেখতে পান। কাছে গিয়ে বক্সের ভেতরে দুই নবজাতকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশাপাশি পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে এসে থাকতে পারে।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, “খবর পাওয়ার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। বিষয়টি জানার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হলে নবজাতক দুটির মরদেহ সেখানে নেওয়া হয়”
নবজাতক দু’টির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।