ইউএনওর সই জাল করে নাগরিকত্ব সনদ, আটক ২

দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই জাল করে নাগরিকত্ব প্রত্যয়ন দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের নামে মামলাও দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসে মুহিম হোসেন রোহান নামের এক যুবক নতুন ভোটার হতে এলে বিষয়টি ধরা পড়ে। কাগজপত্র যাচাইয়ের সময় নাগরিকত্ব সনদে থাকা ইউএনওর সই অগোছালো মনে হলে সন্দেহ তৈরি হয়। পরে সংশ্লিষ্টদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সই জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

অভিযুক্তরা হলেন পৌরসভার নতুন বাজার এলাকায় সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী সাইদুর জাম্মান সুমন (৪০) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ধীতপুর এলাকার মনির হোসেন (৫১)। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানজিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বীকারোক্তির পর দুজনকে সেখানেই আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন জানান, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে এবং রাতেই পৌরসভার কম্পিউটার অপারেটর বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।