বগুড়া নগরীতে সকাল বেলা ককটেল বা পটকা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়া যায়। এ সময় জনগণের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পটকা ফোটার আলামত উদ্ধার করে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে দিনের ব্যস্ততা শুরুর সময়ে নগরীর সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারে এ ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, একটি পটকা ফোটার শব্দ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১০টার দিকে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশের সঙ্গে বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় যান চলাচল সুশৃংখল রাখতে কাজ করছিলেন। এ সময় এক বা একাধিক বিকট শব্দ শুনতে পাওয়া যায়। শব্দ শুনে মনে হচ্ছিল, ককটেল বা হাতবোমা জাতীয় কিছুর বিস্ফোরণ হয়েছে। বিকট শব্দ হওয়ায় জনগণের মাঝে আতঙ্ক দেখা দেয়। শব্দের পরপরই অনেককে দৌড়ে যেতে দেখা যায়।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় বিকট শব্দের আওয়াজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে পটকা সদৃশ্য বস্তুর দড়ি ও সুতা পাওয়া যায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খতিয়ে দেখছেন।