ঢাকার সাভারের হেমায়েতপুরে র্যাব সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. রেজাউল করিম সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রেজাউল করিম হেমায়েতপুরের পূর্বহাটি উত্তরপাড়ায় “আর কে এন্টারপ্রাইজ” নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। ব্যবসায়িক কাজে গত বৃহস্পতিবার তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮) হেমায়েতপুরের আইএফআইসি ব্যাংক থেকে ২৬ লাখ টাকা তোলেন। পরে একটি ব্যাগে টাকা নিয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি।
এজাহারে বলা হয়েছে, মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার সময় একটি প্রাইভেটকার এসে ইসরাফিলের গতিরোধ করে। গাড়ি থেকে চালকসহ চারজন ব্যক্তি নেমে নিজেদের র্যাব সদস্য পরিচয় দেন। এরপর তারা ইসরাফিলকে ঘিরে ধরে তার কাছে থাকা টাকার ব্যাগটি নেওয়ার চেষ্টা করেন।
ইসরাফিল ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিরা তাকে লোহার রড দিয়ে মারধর করেন। এতে তিনি আহত হয়ে সড়কে পড়ে যান। পরে তার কাছে থাকা ২৬ লাখ টাকার ব্যাগ নিয়ে ওই ব্যক্তিরা প্রাইভেটকারে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়ী রেজাউল করিম জানান, ব্যবসায়িক কাজে তার কর্মচারী ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে কয়েকজন ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তাকে ঘিরে ধরেন। পরে তাকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে চলে যান। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।“



