সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার রায় পাঠের শুরুতে বিচারিক প্যানেল ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। পরবর্তীতে একে একে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল এবং সর্বশেষ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত সকল আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ প্রমাণিত হয়েছে।