নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

বিষয়টি প্রথমে স্থানীয় নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুজনকে পানিতে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”