পুকুরে ডুবে প্রাণ গেলো ২ বছরের শিশুর

নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল রাউতাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সাফিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে মধইল রাউতাড়া গ্রামের শিয়াল দিঘি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত সাফিন ওই গ্রামের বাসিন্দা সোহাগের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাফিন তার মায়ের সঙ্গে বাড়ির কাছের শিয়ালদিঘি পুকুরের পাশে ছিল। এ সময় তার মা পুকুরের পাড়ে বসে তরকারি কাটছিলেন। পুকুরে কয়েকজন গোসলও করছিলেন। একপর্যায়ে মায়ের অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়।

পরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। একপর্যায়ে গ্রামবাসীর সহায়তায় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দুপুর ১টার দিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।