কুষ্টিয়ার মিরপুরে দাঁড়িয়ে থাকা পাটবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আকরাম হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের সাতমাইল গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকরাম হোসেন মিরপুর উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি সার ও কীটনাশকের ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন আকরাম হোসেন। পথে সাতমাইল গ্যাস ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পাটবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন তিনি। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। এ সময় মাথায় গুরুতর আঘাত পান আকরাম হোসেন।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, বিকল হয়ে ট্রাকটি মহাসড়কে দাঁড়িয়ে থাকলেও সেখানে কোনো পার্কিং বা বিপৎসংকেত বাতি জ্বালানো ছিল না। ফলে সন্ধ্যার আলো-আধারিতে দূর থেকে ট্রাকটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।