Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোবাইল চেয়ে না পেয়ে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র

শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

মোবাইল ফোন না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতে একাই থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল।

অভিযোগকারী শিক্ষার্থীর নাম আলামিন। সে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে আলামিন। কিন্তু চাহিদামতো মোবাইল ফোন না পাওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য দেখা দেয়। একপর্যায়ে অভিমান থেকে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলায় একাই হাজীগঞ্জ থানায় চলে আসে সে।

পরে থানায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক (এস আই) জহির হোসেন। পুরো বিষয়টি শুনে তিনি শিক্ষার্থীকে বুঝিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।

পুলিশ পরিদর্শক জহির হোসেন জানান, শিশুটি অভিমান করেই বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। তারা তার সঙ্গে শান্তভাবে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং পরে তার বাবা-মাকেও থানায় ডেকে এনে সন্তানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ সময় তাদের বোঝানো হয়, পারিবারিক বিষয়গুলো যেন ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা হয়।

তিনি আরও বলেন, “ছোট একটি বিষয়কে কেন্দ্র করে শিশুর মনে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও তার বাবা-মাকে সতর্ক করা হয়েছে।“

পুলিশের পরামর্শ ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের পর আলামিনকে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

   

About

Popular Links

x