খুলনায় কুরিয়ার সার্ভিসের পণ্য ডেলিভারি দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন কাজী সাজ্জাদ (২৫) নামের এক যুবক।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা মহানগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি পাঠাও কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে করে কুরিয়ারের পণ্য ডেলিভারি দিতে টুটপাড়া সেন্ট্রাল রোডে যান সাজ্জাদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যাতে তার বাম পায়ে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, টুটপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাব্বি, জিতু ও জিসান এই হামলা চালিয়েছে। ঠিক কী কারণে ওই যুবকের ওপর হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



