রাশেদ খাঁন: জামায়াতের ডাকে মানুষ রাজপথে নামবে না 

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করে  প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, ‘‘তারা আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে। লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে জামায়াত। কিন্তু জামায়াতের ডাকে মানুষ এখন আর রাজপথে নামবে না।’’  

তিনি বলেছেন, ‘‘একাত্তরের ঘাতকরা ও চব্বিশের পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে। এই আওয়ামী লীগকে ফেরালে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে।’’  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

রাশেদ খাঁন আরও বলেন, ‘‘এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে।’’ 

তিনি বলেন, ‘‘জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে। তারা সংসদে ছায়া মন্ত্রী সভা গঠন করেছে। ছায়া মন্ত্রীসভা সরকারকে সব সময় সহযোগিতা করবে, যৌক্তিক সমালোচনা করবে। কিন্তু জামায়াতের নেতৃত্বে ছায়া মন্ত্রীসভা সরকারের বিরোধিতা করছে। তারা জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে লংমার্চ করে বেড়াচ্ছে।’’ 

এর আগে, সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।