নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন শিশুসহ চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সোনারগাঁওয়ের আনন্দবাজারে আমান ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। যাত্রীরা বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কুমিল্লার হোমনা থেকে নারায়ণগঞ্জের আনন্দবাজারে যাচ্ছিলেন।
বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, "নৌকাটিতে ১৩ জন যাত্রী ছিলেন। তাদের সঙ্গে দুটি গরু ও একটি খাসি ছিল। ঝড়ের কবলে পড়লে নৌযানটি ডুবে যায়।"
নৌ পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় রায়সা খাতুন (৪০) নামে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো তিন শিশু ও প্রাপ্তবয়স্ক এক পুরুষ নিখোঁজ আছেন।
পরিদর্শক শাহ কামাল আরও বলেন, “নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির টহল দল ও সোনারগাঁও থানা পুলিশের সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। সমন্বিতভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।“