চাঁদপুরের হাইমচরে রাসেল ভাইপারের দংশনে আক্রান্ত ৫ বছরের শিশু মরিয়মকে এক হাতে নিয়ে এবং দংশনকারী সাপটিকে বোতলে ভরে অন্য হাতে ঝুলিয়ে হাসপাতালে ছুটে গেছেন তার বাবা মনির হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
মরিয়ম হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চল নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছোট মেয়ে।
মনির হোসেন জানান, বাড়ির সামনে খেলাধুলা শেষে ঘরে ফেরার পথে হঠাৎ একটি রাসেল ভাইপারের বাচ্চা মরিয়মের পায়ে ছোবল দেয়। এরপর এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি রাস্তার পাশের জঙ্গল থেকে সাপটিকে খুঁজে বের করে একটি বোতলে বন্দি করেন।
এরপর এক হাতে মেয়ে ও অন্য হাতে বোতলবন্দি সাপ নিয়ে তিনি প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে শিশুটিকে নেওয়া হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে।
হাসপাতালে পৌঁছানোর পরপরই দায়িত্বরত চিকিৎসকেরা মরিয়মের চিকিৎসা শুরু করেন। তাকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, “সঠিক সময়ে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে এবং ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা হয়নি। এ কারণেই তার জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে মরিয়মকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”