গাজীপুরে মহাসড়ক থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া (ট্রাক স্ট্যান্ড সংলগ্ন) মহাসড়কের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়।

বনবিভাগের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা নিশ্চিত করে জানান, সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে।

সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ স্কাউট মোস্তাফিজ রহমান বলেন, “মহাসড়ক পার হওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে কয়েকজন মিলে এক জায়গায় আটকে রাখে সাপটিকে। পরে বনবিভাগের সদস্যদের  খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে সাপটি উদ্ধার করেন।”

বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, “স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকৃত বার্মিজ পাইথন প্রজাতির একটি অজগর। সাপটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন ৯ কেজি। বর্তমানে এটি সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে। বার্মিজ পাইথন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়। বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব নেপাল, পশ্চিম ভুটান, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এদের বিচরণ রয়েছে। এ প্রজাতির অজগর তৃণভূমি, জলাভূমি, বিল, পাথরের পাদদেশের বনভূমি, নদীসংলগ্ন খোলা জায়গা ও জঙ্গলে বাস করে।”

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) তারেক রহমান বলেন, “সাপটি উদ্ধারের পর রাতেই সাফারি পার্কে রাখা হয়েছে। বার্মিজ পাইথন প্রজাতির অজগর বিষহীন ও গাঢ় রঙের সাপ। এর পিঠে কালো কিনারাযুক্ত অনেক বাদামি ছোপ রয়েছে। বন্য পরিবেশে এ প্রজাতির অজগর সাধারণত ১৬ ফুট (প্রায় ৫ মিটার) পর্যন্ত লম্বা হয়।”