টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন।   

সাজাপ্রাপ্তরা হলেন - মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার মো: আরিফ ও মো: রুবেল। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।   

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গভীর রাতে ওই নারী বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি পুকুরপাড়ে পৌঁছান। এ সময় আরিফ ও রুবেল তার পথরোধ করেন। একপর্যায়ে তর্কবিতর্কের পর তাকে পাশের একটি কাচারিঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন তারা। পরে ওই নারীকে ধর্ষণ করেন আরিফ ও রুবেল।

ঘটনার পরেরদিন সকালে ওই নারী মধুপুর থানায় গিয়ে দুজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে এই মামলায় বিচারক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।