কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশ থেকে জয়নাল আবেদীন (২৫) নামে এক যুকবের মৃতদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে পোড়াদহ থানায় নেয় রেলওয়ে পুলিশ।
জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় গার্মেন্টস সুপারভাইজার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশে রেললাইনের পাশে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি পুলিশকে জানালে পরবর্তীতে পোড়াদহ থেকে রেলওয়ে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, “ওই ব্যক্তি চিত্রা ট্রেনে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। ভেড়ামারায় চিত্রা ট্রেনের বিরতি হয়েছিল রাত পৌনে ২টায়।”
মোবাইল ফোনে নিহতের ভাই জাহিদ হাসান জানান, তার ভাই গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে চাকরি করতেন। বুধবার অফিস থেকে সন্ধ্যা ৭টায় বের হন। শুনেছি ঢাকা থেকে ট্রেনে করে খুলনায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সেখান থেকে বাড়িতে আসার কথা ছিল।
তিনি আরও জানান, বাড়িতে আসার বিষয়টি রাতেই বাবাকে জানিয়েছিলেন। তবে ট্রেনে উঠে টিকিট না পাওয়ার কথা রাত ১০টার দিকে ভাবিকে জানান। শুনেছি শশুর বাড়িতে ব্যাংকের ডিপিএস ভাঙানোর জন্য যাচ্ছিলেন।
পোড়াদহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, আমরা জয়নাল আবেদীনের লাশের সুরতহাল করে রেলওয়ে থানায় নিয়ে এসেছি। তিনি চিত্রা ট্রেনে করে রাতে শশুরবাড়িতে আসছিলেন। ভেড়ামারাতে ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ নেওয়ার জন্য তার পরিবার রওনা দিয়েছে।