যশোরে নিজ ঘরে মিললো বয়স্ক নারীর গলা কাটা মরদেহ

যশোরের অভয়নগরে নিজ ঘরে এক বয়স্ক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যার শিকার বৃদ্ধা আছিয়া বেগম (৭৫) উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি তার এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময়ে চোরেরা ঘরে ঢোকার পর হয়তো তার ঘুম ভেঙে গেলে চোরেরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।

নিহতের মেয়ে পান্না বেগম জানান, বাবার মৃত্যুর পর মা ও খালা দুইজনে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার সেই খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে প্রতিবেশীরা দেখেন, বসতঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মায়ের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, সকালে এসে দেখি খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “নিজ ঘরের ভেতর খাটের ওপর থেকে বৃদ্ধ নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।