জামালপুরের ব্রহ্মপুত্র নদ থেকে তিন দিন আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ৬ নম্বর নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাবিবুর রহমান (৫৫) সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি এলাকার বাসিন্দা। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, তিন দিন আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন নৌকায় নদ পারাপারের সময় ব্রহ্মপুত্রে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিদর্শক ওবায়দুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।