ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জনান।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ১১০ জন, মিরপুর বিভাগে ২০৬ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন, এসআরইউ বিভাগে চারজন এবং গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
এসব অভিযানকালে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা, নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, জুয়া খেলার ১০৪টি কার্ড, আটটি খাতা এবং গাঁজা ভর্তি কলকি ও কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়।