খুলনার বটিয়াঘাটার চক্রাখালীতে সন্ধ্যা নামতেই গুলিবিদ্ধ হয়েছেন যুবদলের সাবেক নেতা ওহিদুল ইসলাম বাদল (৩৫)। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে খুলনা থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চক্রাখালী বাজারে তিনি গুলির শিকার হন। বাদল বটিয়াঘাটা উপজেলা যুবদলের সাবেক নেতা এবং জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকেল পৌনে ৬টার দিকে বটিয়াঘাটা থানাধীন ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার সংলগ্ন বাদশার দোকানের সামনে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা বাদলকে গুলি করে পালিয়ে যায়। তিনি তেঁতুলতলা গ্রামের বাশিন্দা এবং ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকালপার্সন আবির সিদ্দিক শুভ্র জানান, খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারিও চালানো হচ্ছে।
এদিকে খুলনায় সাম্প্রতিক সময়ে গুলির ঘটনা একের পর এক ঘটছে। এর আগে ২৬ অক্টোবর দিনগত রাতে বটিয়াঘাটার বড়করিয়ায় যুবদল নেতা সোহেল সন্ত্রাসীর গুলিতে আহত হন। ২৭ অক্টোবর দুপুর ১২টায় খুলনা মহানগরীর নিরালা মোড়ে ছিনতাইকারীদের গুলিতে আহত হন জাপান টোব্যাকোর স্টাফ সালমান। গত ২৪ অক্টোবর দিনের বেলা তেরখাদায় যুবদল নেতা রামিম গুলিবিদ্ধ হন। একই দিন রাতে গুলিবিদ্ধ হন মুদি দোকানি আকাশ কুণ্ডু। সেই রাতেই একটি ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ছোড়া হয় এবং ক্লিনিকে ভাঙচুর চালানো হয়।