দুবলার চরে যাত্রার আগে মোংলায় নদীতে পড়ে জেলে নিখোঁজ, দিনভর চেষ্টায়ও মেলেনি সন্ধান

বঙ্গোপসাগরের দুবলার চরের শুঁটকি পল্লীতে কাজের উদ্দেশ্যে রওনা দেওয়া এক জেলে মোংলায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মোঃ মেহেদীর (২২) বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকায়। মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান বা মরদেহ উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মোংলার সিন্দুরতলা এলাকায় নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আসন্ন শুঁটকি মৌসুমে দুবলার চরে কাজ করতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন মেহেদী। পথে সিন্দুরতলায় নদীর তীরে তাদের বহনকারী ট্রলারটি নোঙর করা ছিল। সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান এবং স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি ইউনিট। দিনভর নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হলেও নিখোঁজ জেলের কোনো হদিস মেলেনি। পরে রাত হয়ে আসায় আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

স্থানীয় রাজনীতিবিদ কোহিনুর সরদার জানান, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তল্লাশি চালিয়েছেন, কিন্তু মেহেদীর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ জেলের স্বজন ও সঙ্গীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাইফুল ইসলাম বলেন, "খবর পাওয়ার পরই ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দিনভর চেষ্টার পরও তাঁকে পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত রাখা হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হবে।"

খুলনা থেকে উদ্ধার কাজে যাওয়া ডুবুরি দলের টিম লিডার সাইদুর রহমান জানান, নিখোঁজ মেহেদীকে উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।