টাঙ্গাইলে গ্রামবাসী নিজেরাই টাকা তুলে কিনলেন খেলার মাঠের জন্য জমি

শিশু-কিশোরদের খেলার জন্য স্থায়ী মাঠের ব্যবস্থা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। নিজেদের সামর্থ্য অনুযায়ী চাঁদা তুলে কিনেছেন ৬০ শতাংশ জমি। গ্রামবাসীদের এমন উদ্যোগে এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জমিটি গ্রামবাসীদের বুঝিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন খেলার মাঠের উদ্বোধন করা হয়।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে। এখানে রয়েছে ৭০০ এর বেশি পরিবার। এত বড় একটি গ্রামে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য এতদিন কোনো স্থায়ী মাঠ ছিল না। ধান কাটার মৌসুমে ফাঁকা জমিতে খেলাধুলার সুযোগ মিললেও চাষাবাদ শুরু হলে সেই সুযোগ বন্ধ হয়ে যেত।

খেলার মাঠের জন্য জমি কেনার অন্যতম উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদ জানান, গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলমের সঙ্গে পরামর্শ করে এ উদ্যোগ নেওয়া হয়। পরে এলাকার বিত্তবান ও সাধারণ মানুষের আগ্রহের ভিত্তিতে মতবিনিময় সভা করে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

উদ্যোক্তা খোরশেদ আলম বলেন, “জমি কেনার জন্য গ্রামের সবার কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছিল। এতে কেউ ২০০ টাকা, কেউ ৫০০ টাকা, কেউ এক হাজার টাকা, আবার কেউ নিজের সামর্থ্য অনুযায়ী দুই হাজার, পাঁচ হাজার কিংবা ১০ হাজার টাকা দিয়েছেন।”

তিনি আরও জানান, জমির মালিক ইকবাল হোসেন সুজনও মানবিক উদ্যোগে পাশে দাঁড়িয়ে এক শতাংশ জমি দান করেন। বাকি ৫৯ শতাংশ জমির জন্য তাকে ৩০ লাখ ৬৮ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

গ্রামের কিশোররা জানায়, আগে ধান কাটার পর ফাঁকা জমিতে তারা খেলাধুলা করতে পারত। কিন্তু ফসল চাষের মৌসুম শুরু হলে খেলার জায়গা না থাকায় তাদের আর মাঠে নামার সুযোগ হতো না। এবার স্থায়ী মাঠ হওয়ায় সারা বছর খেলাধুলা করতে পারবে তারা।

গ্রামবাসীদের সম্মিলিত এই উদ্যোগে শুধু একটি খেলার মাঠই তৈরি হয়নি, শিশু-কিশোরদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।