নারায়ণগঞ্জে ফের সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে প্রতিহত করার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে নেমে আন্দোলন করে। এতে আশেপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এই আন্দোলন। সেইসঙ্গে শ্রমিকদের উপর হামলা বন্ধের দাবিও জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনের শঙ্কা থেকে সকাল থেকে শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। তবে বিকেল ৩টার দিকে হঠাৎ করে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এ সময় পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে প্রতিহত করার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে নেমে আন্দোলন করে। সড়কের কোথাও কোথাও আগুন জ্বালিয়ে নানা স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে আশেপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের জেলার সভাপতি মো. শাহিন আহমেদ বলেন, “৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। দাবি পূরণ না হওয়ার আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে।”

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনকারী শ্রমিকদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

এর আগে, গতকাল সোমবার একই দাবিতে পোশাকশ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন। গতকাল দুপুর থেকে প্রায় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বিকেল সোয়া ৪টার দিকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। তখন পরিস্থিতি স্বাভাবিক হয়।