ন্যূনতম বেতন বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে একাধিক পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ৯ টা ৫০ মিনিটের দিকেও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমানে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে চলো কষ্টসাধ্য হয়ে পড়েছে। পোশাক কারখানা শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ, শ্রমিকদের বেআইনিভাবে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা বন্ধ এবং অযৌক্তিক ছাঁটাই বাতিলের দাবি করেন।
পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়। পরে তারা সেখানে বিক্ষোভ করে । এরপরে একেএইচ পোশাক কারখানা শ্রমিকরা কাজে যোগ দিয়ে তার কিছু সময় পরে কারখানা থেকে বের হয়ে যায়। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ করে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকরা তিন দাবি তুলে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।