ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা দুই বাসে আগুন

সাভারে পৃথক স্থানে পার্কিং করা ইতিহাস পরিবহন ও পোশাক শ্রমিকবাহী দুইটি  বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৯ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন৷

এর আগে, রবিবার দিবাগত রাতে ঢাকা- আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় দুইটি বাসে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার দিবাগত রাত ১ টার দিকে  ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে একটি পোশাক শ্রমিকবাহী বাস পার্কিং করা ছিল। কিন্তু রাতে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অপরদিকে, ভোর ৪ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডের টাটা সার্ভিসিং সেন্টারের সামনে  ইতিহাস পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সাভার ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাতে সাভারের গেন্ডা এলাকায় একটি শ্রমিকবাহী বাসে ও বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে পৃথক দুটি স্থানে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা দুইটি বাসে আগুন দিয়েছে বলে জানান তিনি।