পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল।
সরকারি ছুটিসহ কয়েক দিনের বিরতির পর আজ আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। পরে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ধাওয়া দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় অন্তত দুজন পোশাকশ্রমিক আহত হয়েছেন।
সূত্র জানায়, আজ সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের সকল কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কারখানায় গেলেও কয়েকটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।
এছাড়া সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ সংঘর্ষে অন্তত দুজন শ্রমিকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ আহত শ্রমিকরা বুলেট ইনজুরি নিয়ে হাসপাতালে যাওয়ার কথা বললেও পুলিশ আদতেও রাবার বুলেট নিক্ষেপ করেছে কিনা, তাৎক্ষণিকভাবে তা যাচাই করা যায়নি।
আহতরা হলেন - আলমগীর হোসেন, ও রাফিয়া বেগম। তারা উভয়ই স্টারলিং স্টাইলের শ্রমিক বলে জানা গেছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, “আমাদের এখানে দুজন পোশাক শ্রমিক রাবার বুলেট ইনজুরি নিয়ে চিকিৎসা নিতে এসেছিল। এর মধ্যে রাফিয়া বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।”
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শিল্প পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্যসহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।
চলমান শ্রমিক অসন্তোষ কে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধিনস্থ আশুলিয়ায় অবস্থিত সকল কারখানাসমূহ ১০/১১/২০২৬ইং তারিখ হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩(১) মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানাসমূহ বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ।