সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের দায়ে শাস্তির বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।
তথ্যমন্ত্রী জানান, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আইনটি সংশোধনের প্রস্তাব তৈরি করা হয়েছে।
প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার কথা বলা হয়েছে। বার কাউন্সিলের আদলে এই প্রতিষ্ঠান সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নির্ধারণ করতে পারবে।
এছাড়া সাংবাদিকতার মান বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশ এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রচারের বিষয়গুলোও এর আওতায় থাকবে।
প্রস্তাব অনুযায়ী, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে কিংবা জনস্বার্থ ক্ষুণ্ন করে সংবাদ প্রকাশ বা মুদ্রণ করা হলে সংশ্লিষ্ট সংবাদপত্র, গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু করতে পারবে প্রেস কাউন্সিল। এক্ষেত্রে প্রয়োজনীয় আদেশ জারি ও ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও থাকবে প্রতিষ্ঠানটির। গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এই ক্ষমতা প্রয়োগ করা যাবে।
অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা করছে এবং তাদের মতামত নিচ্ছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিক সংগঠনগুলোর পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার উপযুক্ত কর্তৃপক্ষ সাংবাদিক সংগঠনগুলো।”
তথ্য প্রতিমন্ত্রী বলেন, “কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন বা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়।”
তিনি আরও বলেন, “আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। একইসঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”