রাজধানীতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ২

রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি পাজেরো জিপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উত্তরা যাওয়ার পথে স্কলাস্টিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–গাজীপুর সদরের কেশরিতা এলাকার মোবারক হোসেন রাজু (২৪) এবং গাইবান্ধা সদরের রঘুনাথপুর এলাকার ফরিদুল ইসলাম সরদার (৪০)। মোবারক পেশায় সাইট ইঞ্জিনিয়ার এবং ফরিদুল শ্রমিক বলে জানা গেছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে উত্তরা যাওয়ার পথে স্কলাস্টিকা স্কুলের সামনে ফ্লাইওভারের নিচে একটি পাজেরো গাড়ির ধাক্কায় তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল পৌনে ৪টার দিকে তাদের মৃত্যু হয়।

নিহত মোবারকের বাবা শফিকুল ইসলাম জানান, আমার ছেলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি পড়ছিল। পাশাপাশি একটি একটি প্রতিষ্ঠানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিল। তার দুই ছেলের মধ্যে রাজু ছোট ছিলেন।