রাজধানীর মিরপুরের কল্যাণপুরে পাঁচ থেকে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ট্রাফিক মিরপুর জোনের পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ট্রাফিক পুলিশের ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হঠাৎ বিকট শব্দে সেখানে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। পরে তাকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।