মাগুরায় শুরু হয়েছে কাত্যায়নী পূজা, বর্ণিল সাজে সেজেছে শহর 

মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের আয়োজন হলেও এ পূজা মাগুরার ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন প্রাণের উৎসবে রূপ নিয়েছে। 

রবিবার (১৫ নভেম্বর) শুরু হওয়া পূজা উপলক্ষে এর মধ্যেই বর্ণিল সাজে সেজেছে সারা শহর। বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন গেট, প্যান্ডেল। আলোকসজ্জার পাশাপাশি মন্দির-পূজা মন্ডপগুলো সাজানো হয়েছে প্রাচীন ইতিহাস, ঐতিহ্যে ও স্থাপত্য শিল্পের আদলে। 

পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সারা শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। 

মাগুরায় এ বছর জেলায় মোট ১০৬টি মন্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কুমুদ রঞ্জন বিশ্বাস। ৫ দিন ব্যাপী এ পূজা শেষ হবে ২০ নভেম্বর। 

কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, ‘‘প্রতিবছর শারদীয় দুর্গা পূজার একমাস পরেই জাঁকজমকপূর্ণভাবে মাগুরাতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।’’ 

তিনি জানান, ১৯৫০ সালের দিকে শহরে পারনান্দুয়ালি এলাকার জনৈক সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এ পূজা শুরু করেন। পেশায় তিনি ছিলেন মুদি দোকানী। 

আশির দশকেও এই পূজা কেবল মাগুরা শহরের ছানার বটতলা, নিজনান্দুয়ালি, নতুন বাজার, বাটিকাডাঙ্গা এবং জামরুল তলার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত চার যুগে এর ব্যাপ্তি যেমন বেড়েছে সংখ্যাও বেড়েছে অনেক। ধীরে ধীরে জেলার মানুষের অন্যতম উৎসবে পরিণত হয়েছে এই পূজা। 

এমনকি মাগুরায় এ আয়োজন সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসব হিসেবে পরিচিত দুর্গা পূজার আমেজকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। 

এই পূজা উপলক্ষে শহরের বাড়িতে-বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। তবে বিশেষ করে পূজার অষ্টমী ও নবমী দিনে দেশের বিভিন্ন জেলা থেকে এ পূজা ও গোটা আযোজনকে উপভোগ করতে ভিড় করবেন লাখো দর্শনার্থী। 

বরাবরের মতো এবারও পূজার মূল আকর্ষণ থাকছে পৌরসভা এলাকার জামরুল তলা, নতুন বাজার, ছানার বাবুর বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ শহরের ১৪টি মণ্ডপে। পূজা ঘিরে শহরের নতুন বাজার ও ছানার বটতলায় বসেছে মেলা। পূজা শেষ হলেও এ মেলা চলবে আরো ৭ দিন। 

সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্র মতে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে ঈশ্বর, বন্ধু, স্বামী, পুত্র হিসাবে পেতে আরাধনা করতেন গোপীরা। তাদের এক মাসব্যাপি আরাধনা শেষে, গোপীগণ যমুনা নদীর তীরে বালু দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি করে পূজা দিয়ে কাঙ্খিত ফল পান। এরপর থেকে এটি ‘কাত্যায়নী পূজা’ হিসেবে পরিচিতি লাভ করে। যার সময়কাল ছিল কার্তিক ও অগ্রহায়ণ মাস।

এ পূজায় প্রতিমা স্থাপন থেকে শুরু করে সবকিছুই দূর্গা পূজার আদলে করা হতো। তবে অতিরিক্ত হিসেবে দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হয়।