রাজধানীতে একই দিনে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক পুরুষের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মরদেহ উদ্ধারের পর পুলিশ ও স্বজনেরা জানান, দুজনই “ভবঘুরে” প্রকৃতির ছিলেন।
মৃত পুরুষের নাম পারভেজ আহমেদ পলাশ (৫০), বাড়ি চাঁদপুরে। ষাটোর্ধ্ব ওই নারীর পরিচয় এখনো মেলেনি। পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তিরা “ভবঘুরে প্রকৃতির”।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ জানান, সোমবার সকালে নতুন ভবনের তৃতীয় তলায় লিফটের পাশে অচেতন অবস্থায় পলাশকে পাওয়া যায়। পরে তাকে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশের বোনজামাই মো. আব্দুল খালেক বলেন, “দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন পলাশ, একবার ব্রেইন স্ট্রোকও করেছিলেন। তিনি নিজের বাড়িতে থাকতেন না। বেশির ভাগ সময় বাইরে বা বিভিন্ন মাজারের আশপাশে ঘুরে বেড়াতেন এবং রাতে ঘুমাতেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে। পলাশের বাবা-মা ও ভাই আগেই মারা গেছেন, পরিবারে বেঁচে আছেন শুধু এক বোন। পলাশের কাছে একটি মোবাইল ফোন ও কিছু টাকা পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমেই খালেকের সঙ্গে যোগাযোগ করা হয়।”
অন্যদিকে জগন্নাথ হলের পাশের ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজা আক্তার জানান, ওই নারী অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। বিকেলের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহফুজা আক্তার বলেন, “ওই নারীও ‘ভবঘুরে প্রকৃতির’ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।