কাশিয়ানীতে বিএনপির কার্যালয়-গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া ও এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে এবং বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংক, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।