বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বান্দরবানের লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলার আলিকদম উপজেলার শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজু চক্রবর্তী কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজের কর্মস্থল আলীকদম থানায় ফিরছিলেন। পথে লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার বাসিন্দা। তিনি জেলার আলীকদম থানায় কর্মরত ছিলেন।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”