জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিকেলে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সিআইডির পুলিশ পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় কারা নেতৃত্ব দিয়েছেন, তা জানতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে। ওই দিন ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।
অভিযোগ রয়েছে, সাবেক খতিব রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে তাকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আঘাত করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মুসল্লিরা বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। অন্য আসামিরা বাদীসহ মুসল্লিদের মারধর করেন। এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করা হয়।