লোকালয়ে দেখা সেই কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা কুমিরটি অবশেষে দুই মাস পর উদ্ধার করেছে বন বিভাগ। কুমিরটিকে চিকিৎসা ও সংরক্ষণের জন্য গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে কুমিরটিকে তিনবার দেখা গেছে। এর ধারাবাহিকতায় গত সোমবার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার ওই পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটির অবস্থানের খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগের নজরে এলে উদ্ধার অভিযান শুরু হয়। এরপর বৃহস্পতিবার ওই পুকুরে জাল ফেলে কুমিরটি উদ্ধার করে বন বিভাগের উদ্ধারকারী দল। এ নিয়ে তৃতীয়বারের চেষ্টায় কুমিরটি ধরতে সক্ষম হলেন উদ্ধারকারীরা।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানির কুমির। এটি গাজীপুর সাফারি পার্কে নেওয়া হবে। সেখানে চিকিৎসা দিয়ে সংরক্ষণ করা হবে। এরপর প্রাণী বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুযায়ী এটিকে অবমুক্ত করা হবে।

কুমিরটি লোকালয়ে আসার বিষয়ে তিনি বলেন, এই এলাকার পাশে নদী আছে। ধারণা করা হচ্ছে, নদী থেকে কুমিরটি হয়তো এখানে চলে এসেছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকা থেকে আসা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় সে সময় অভিযান সফল হয়নি।

এরপর দীর্ঘদিন কুমিরটির সন্ধান না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে গত সোমবার পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার ওই পুকুরে কুমিরটিকে দেখা যায়।