পর্যটন শিল্পে গতি আনতে কক্সবাজারে ৩ মাসব্যাপী কার্নিভাল

পর্যটন মৌসুমকে ঘিরে কক্সবাজারে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘পর্যটন কার্নিভাল-২০২৬’। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে ঘিরে আয়োজিত এ কার্নিভালে পর্যটকদের জন্য রাখা হয়েছে বিনোদন, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারভিত্তিক নানা আয়োজন। 

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়ানোর পাশাপাশি কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও পরিচিত করবে। 

রবিবার (২২ নভেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণ ও সৈকতসংলগ্ন ঝাউবাগান এলাকায় পরিক্ষামুলকভাবে এ কার্নিভালের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না। 

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালের ব্যবস্থাপনায় রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে নানা ধরনের আকর্ষণীয় আয়োজন, যেখানে পরিবার, শিশু, তরুণ এবং বিদেশি পর্যটক—সবার জন্যই রয়েছে আলাদা অভিজ্ঞতার সুযোগ। 

বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ), মোহাম্মদ এহসানুল কবীর বলেন, ‘‘কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম সম্ভাবনাময় সমুদ্র পর্যটন গন্তব্য। এই পর্যটন কার্নিভালের মাধ্যমে আমরা দেশি-বিদেশি পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে চাই। আগামী তিন মাস নানা আয়োজনের মধ্য দিয়ে পর্যটকরা কক্সবাজারের সৌন্দর্য, সংস্কৃতি ও আতিথেয়তার ভিন্নমাত্রা উপভোগ করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ পর্যটকের অবস্থানকাল বাড়াবে, স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং আন্তর্জাতিক পর্যটন বাজারে কক্সবাজারকে আরও শক্ত অবস্থানে তুলে ধরবে।’’ 

বাংলাদেশ পর্যট করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ‘‘কক্সবাজার বাংলাদেশের পর্যটনের প্রধান আকর্ষণ। এই পর্যটন কার্নিভালের মাধ্যমে আমরা শুধু একটি উৎসবের আয়োজন করছি না, বরং দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করার একটি উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও বিশ্বমানের পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করা।’’ 

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না। তিনি বলেন, ‘‘কক্সবাজার শুধু একটি পর্যটন শহর নয়, এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্র। পর্যটন খাতকে ঘিরে এই অঞ্চলের লাখো মানুষের জীবিকা ও কর্মসংস্থান গড়ে উঠেছে। তাই পর্যটনের বিকাশ মানে স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন। এই পর্যটন কার্নিভালের মাধ্যমে আমরা বিশ্বের কাছে একটি ইতিবাচক বার্তা দিতে চাই—বাংলাদেশ নিরাপদ, অতিথিপরায়ণ এবং আন্তর্জাতিক মানের পর্যটন আয়োজন করতে সক্ষম। আমরা চাই, পর্যটকরা শুধু সমুদ্রসৈকত দেখে ফিরে যাবেন না; তারা এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, স্থানীয় পণ্য এবং মানুষের আন্তরিকতাও সঙ্গে নিয়ে যাবেন।’’ 

কার্নিভালে রয়েছে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, ফুড জোন, ক্রাফট ভিলেজ, কিডস জোন, ক্যাম্পিং, কায়াকিং, গো-কার্টিং, বিচ স্পোর্টস, ওয়েলনেস কর্নারসহ প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন। 

সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে পর্যটন খাতকে দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে পরিণত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের পথে কক্সবাজারের এই পর্যটন কার্নিভালকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।