স্বর্ণালঙ্কার ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন চানাচুর বিক্রেতা

সুনামগঞ্জে হারিয়ে যাওয়া স্বর্ণালঙ্কারসহ ভ্যানিটি ব্যাগ প্রকৃত মালিককে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৬)। 

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভ্যানগাড়িতে করে চানাচুর বিক্রির সময় রাস্তায় একটি ভ্যানিটি ব্যাগ কুড়িয়ে পান তিনি। ব্যাগ খুলে সোনার দুটি চুড়ি ও দুটি আংটি দেখতে পেয়ে মালিকের সন্ধান করেন এবং প্রায় চার ঘণ্টা পর রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে তা মালিকের হাতে তুলে দেন।

আমির উদ্দিনের বাড়ি শান্তিগঞ্জ উপজেলায়। তিনি সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যানগাড়িতে ঘুরে ঘুরে চানাচুর বিক্রি করেন।

স্বর্ণালঙ্কারের মালিক সজল তালুকদার জানান, রবিবার বিকেলে তিনি ও তার স্ত্রী স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের কালীবাড়ি এলাকার একটি জুয়েলারি দোকানে যান। অলঙ্কার পরিষ্কার শেষে বাসায় ফিরে তারা দেখেন, স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি নেই। এরপর ব্যাগ খুঁজতে বের হলে এক রিকশাচালকের মাধ্যমে চানাচুর বিক্রেতার ব্যাগ পাওয়ার বিষয়টি জানতে পারেন সজল তালুকদার। পরে আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের উপস্থিতিতে স্বর্ণালঙ্কারসহ ব্যাগটি বুঝে পান তিনি।

সততায় মুগ্ধ হয়ে সজল তালুকদার আমির উদ্দিনকে পাঁচ হাজার টাকা উপহার দেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, আমির উদ্দিন পেশায় চানাচুর বিক্রেতা হলেও নির্লোভ ও সৎ চরিত্রের মানুষ; তাই তিনি স্বর্ণালঙ্কারসহ ব্যাগ ফেরত দিয়েছেন। মালিক খুশি হয়ে তাকে পাঁচ হাজার টাকা দিতে চাইলে প্রথমে নিতে রাজি হননি আমির উদ্দিন; পরে সবার অনুরোধে টাকা গ্রহণ করেন।